সাইবার সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা
সাইবার সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা
সাইবার সিকিউরিটি কি?
সংজ্ঞা ও প্রয়োজনীয়তা:
সাইবার
সাইবার (Cyber) শব্দটি তথ্য প্রযুক্তি ও কম্পিউটার সিস্টেমের সাথে সম্পর্কিত সকল কিছুকে বুঝাতে ব্যবহৃত হয়। এটি কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট, ডেটাবেইস, সফটওয়্যার এবং ডিজিটাল কমিউনিকেশনসহ নানান ধরনের প্রযুক্তির ক্ষেত্রকে নির্দেশ করে। সাইবার প্রযুক্তি বর্তমানে দৈনন্দিন জীবনের অংশ এবং এর মধ্যে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং তথ্য পরিবহণের বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে।
সাইবার সিকিউরিটি
সাইবার সিকিউরিটি হলো বিভিন্ন পদ্ধতি, প্রযুক্তি, এবং প্রক্রিয়ার সমন্বিত প্রয়োগ, যার মাধ্যমে ডিজিটাল সম্পদ(Resource) যেমন তথ্য, সিস্টেম, নেটওয়ার্ক এবং ডিভাইসকে সাইবার হুমকি থেকে সুরক্ষিত রাখা যায়। সাইবার সিকিউরিটির মাধ্যমে সাইবার আক্রমণ, ডেটা চুরি, তথ্যের অবৈধ প্রবেশ, এবং ক্ষতিকর সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়।
সাইবার সিকিউরিটির উপাদান:
সাইবার নিরাপত্তার উপাদানগুলোকে সাধারণভাবে তিনটি মূল স্তম্ভে বিভক্ত করা হয়: গোপনীয়তা (Confidentiality), অখণ্ডতা (Integrity) এবং প্রাপতা/তথ্য প্রাপ্তির নিশ্চয়তা (Availability)। এই তিনটি উপাদানকে সাধারণভাবে "CIA Triad" বলা হয়।
১. গোপনীয়তা (Confidentiality)
গোপনীয়তা নিশ্চিত করে যে শুধুমাত্র অনুমোদিত ব্যবহারকারীরা বা সত্ত্বা তথ্য অ্যাক্সেস করতে সক্ষম হবে। এর মাধ্যমে তথ্যের অপ্রত্যাশিত প্রকাশ, লিক বা অ্যাক্সেস ঠেকানোর জন্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। অর্থাৎ সংবেদনশীল তথ্য শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি বা সিস্টেম দ্বারা দেখা যাবে, বাইরের কেউ বা অ-অনুমোদিত ব্যক্তি বা সিস্টেমের ডাটার এক্সেস থাকবে না এই নিশ্চয়তা প্রদান করা হয়।
২. অখণ্ডতা (Integrity)
অখণ্ডতা নিশ্চিত করে যে তথ্য সঠিক এবং সম্পূর্ণ আছে, এবং এটিকে কোন প্রকার অবৈধ/অ-অনুমোদিত পরিবর্তন, পরিবর্ধন করা, মুছে ফেলা যাবে না। Integrity নিশ্চিত করে, কোনো সত্তা(Entity) বা তথ্য তার আসল(Original) অবস্থায় থাকে এবং যেকোনো ধরনের বিকৃতি বা পরিবর্তন থেকে সুরক্ষিত থাকে। । অর্থাৎ অখণ্ডতা বা Integrity নিশ্চিতের ফলে তথ্যটির মধ্যে কোন পরিবর্তন/পরিবর্ধন করা যায় না।
৩. উপস্থিতি বা প্রাপ্যতা/ তথ্য প্রাপ্তির নিশ্চয়তা (Availability)
তথ্য প্রাপ্তির নিশ্চয়তা নিশ্চিত করে যে তথ্য এবং সিস্টেমগুলি বৈধ ব্যবহারকারীদের জন্য সঠিক সময়ে এবং ব্যবহারের জন্য উপযোগী (Available) থাকে। এটি সিস্টেমের কর্মক্ষমতা এবং তথ্যের দ্রুত অ্যাক্সেস নিশ্চিত করে। অর্থাৎ প্রয়োজনের সময়ে, তথ্য ও সিস্টেম ব্যবহারকারীদের জন্য সবসময় সহজলভ্য হতে হবে।
সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা:
ব্যক্তিগত তথ্যের সুরক্ষা:
আমরা অনলাইনে বিভিন্ন ব্যক্তিগত তথ্য শেয়ার করি, যেমন ব্যাঙ্কিং ডিটেইলস, পাসওয়ার্ড, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইত্যাদি। এই সমস্ত তথ্যের উপর সাইবার আক্রমণ হলে আমাদের আর্থিক ক্ষতি হতে পারে বা ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে।
আর্থিক লেনদেনের নিরাপত্তা:
অনলাইন ব্যাঙ্কিং, ই-কমার্স, এবং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলোর ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে সাহায্য করে যেন আর্থিক লেনদেনের সময় কোনো ধরনের চুরি বা হ্যাকিং এর মতো কোন ঘটনা না ঘটে।
ব্যবসায়িক তথ্য সুরক্ষা:
প্রতিষ্ঠানের ব্যবসায়িক ডেটা ও কৌশলগত তথ্য একটি অত্যন্ত মূল্যবান সম্পদ। যদি এটি আক্রমণের শিকার হয়, তাহলে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যবসায়িক গোপনীয়তা ও পরিকল্পনা ফাঁস হয়ে যেতে পারে। সাইবার সিকিউরিটি এই ধরনের ঝুঁকি থেকে সুরক্ষা দেয়।
জাতীয় নিরাপত্তা:
জাতীয় পর্যায়ে সাইবার হামলা হতে পারে যা দেশের অবকাঠামো, সিকিউরিটি সিস্টেম, এমনকি রাজনৈতিক প্রক্রিয়াগুলোতে প্রভাব ফেলতে পারে। সাইবার সিকিউরিটি জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের ডিজিটাল অবকাঠামোকে সুরক্ষিত রাখতে বিভিন্ন সাইবার নিরাপত্তামূলক পলিসিগুলো সাহায্য করে ।
প্রযুক্তির দ্রুত পরিবর্তন ও উদ্ভাবন:
প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে এবং এর সাথে সাথে সাইবার আক্রমণের ধরনও পরিবর্তিত হচ্ছে। উদাহরণস্বরূপ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অফ থিংস (IoT), ব্লকচেইন এবং ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নতুন নতুন নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হচ্ছে। সাইবার সিকিউরিটির মাধ্যমে এসব ঝুঁকি মোকাবিলা করা যায়।


